ঢামেকে ছাত্রলীগ-কর্মচারীদের পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ

সময় ট্রিবিউন | ১১ জানুয়ারী ২০২২, ১০:১৭

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের সঙ্গে ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটে-ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের সঙ্গে ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত এ ঘটনা ঘটে।

এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার কলেজের আউটসোর্সিংয়ের জনবল নিয়োগের দরপত্র জমা দেওয়ার তারিখ। এ নিয়ে সকাল ১০টায় অধ্যক্ষ টিটো মিঞার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি। সকালে কলেজে ঢোকার সময় কর্মচারীরা ছাত্রলীগ ও পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি হয়। পরে কর্মচারী সমিতির সভাপতি আবু সাঈদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অধ্যক্ষের সঙ্গে আলোচনা করে জনবল নিয়োগের বিষয়ে সমঝোতায় আসে। এরপর তাঁরা অধ্যক্ষের কক্ষ থেকে বেরিয়ে যান।

সূত্র আরও জানায়, বেলা সাড়ে ১১টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শেখ মো. আল আমিন ও সাধারণ সম্পাদক জাকিউল ইসলামের নেতৃত্বে নেতা-কর্মীরা স্লোগান দিতে দিতে কর্মচারীদের ধাওয়া দিয়ে হাসপাতালে প্রবেশ করেন। এ সময় ১০৮ ও ১০৯ নম্বর মহিলা ওয়ার্ডে ঢুকে এক কর্মচারীকে মারধর করেন তাঁরা। একপর্যায়ে কর্মচারীরা ওয়ার্ডের ফটক বন্ধ করে ছাত্রলীগের নেতা-কর্মীদের অবরুদ্ধ করে রাখেন। এ সময় ওয়ার্ডের ভেতর ও বাইরে থেকে দুই পক্ষের নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকেন। হট্টগোলের কারণে ওয়ার্ডে ভর্তি রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে কলেজের অধ্যক্ষ টিটো মিঞা ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আশরাফুল আলম বলেন, একটি ভুল–বোঝাবুঝির পরিপ্রেক্ষিতে ঘটনাটি ঘটেছে। হাসপাতালের পরিচালক এই পরিস্থিতির জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির এক নেতা বলেন, ‘নিয়োগ থেকে ভাগ পেতে কলেজ শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেতা কলেজ প্রশাসনের পক্ষে অবস্থান নিয়েছেন। টাকার জন্য তাঁরা আমাদের ওপর হামলা করতেও দ্বিধা করেননি। কর্মচারীরা তাঁদের ওপর কোনো হামলা করেননি।’

শাখা ছাত্রলীগের সভাপতি শেখ মো. আল আমিন হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির একজন শীর্ষ নেতা বিএনপির লোক। আমরা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেডিকেলের বঙ্গবন্ধু কর্নারে ফুল দিতে যাই। তখন কর্মচারীদেরও একটি কর্মসূচি ছিল। ফটক দিয়ে কলেজে ঢোকার সময় বিনা উসকানিতে তাঁরা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিউল ইসলামসহ কয়েকজনের গায়ে আঘাত করেন।’

কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেডিকেলের বঙ্গবন্ধু কর্নারে আমরা ফুল দিতে যাই। হঠাৎ মেডিকেলে ঢুকে কর্মচারীরা বহিরাগত ব্যক্তিদের সঙ্গে নিয়ে স্লোগান দিতে থাকেন “একটা একটা ডাক্তার ধর, ধইরা ধইরা জবাই কর।” একপর্যায়ে তাঁরা আমাদের ওপর হামলা করেন। পরে আমরা বিষয়টি কলেজ প্রশাসনকে জানালে তাঁরা বিচারের আশ্বাস দেন।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের