স্কুল-কলেজের পাঠ্যবইয়ে জাতীয় চার নেতার জীবনী তুলে ধরার আহ্বান

সময় ট্রিবিউন | ৩ নভেম্বর ২০২১, ২৩:৪৭

ছবিঃ সংগৃহীত

আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দি করে রেখেছিল। এই দুর্যোগময় মুহূর্তে জাতীয় চার নেতা দৃঢ়তার সঙ্গে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। পরে কেন্দ্রীয় কারাগারে ৩ নভেম্বর নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়। আমরা চাই, এর বিচার হোক এবং খুনিদের শাস্তি হোক।

বুধবার (৩ নভেম্বর) জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারের অভ্যন্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ তাজউদ্দিন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ এসব কথা বলেন।  

এসময় সোহেল তাজ ও তার পরিবারের সদস্যরা আহ্বান জানান মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। জাতীয় চার নেতাকে আড়ালে রেখে কোনোদিনও সোনার বাংলা গড়া যাবে না বলে তারা মন্তব্য করেন।

সোহেল তাজ বলেন, চার নেতার পরিবার চায় জাতীয়ভাবে যেন তাদের জীবনী নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবইয়ে তাদের জীবনী তুলে ধরা হলে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হতো। তাহলে ভবিষ্যৎ একটি সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারব। ৩ নভেম্বর শোকাহত দিনে এটাই আমাদের চাওয়া, আমাদেরতো আর চাওয়া-পাওয়ার কিছু নেই। আমরা বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ চাই। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর