করোনা সংক্রমণে ২৯ জেলা ঝুঁকিপূর্ণ: স্বাস্থ্য অধিদপ্তর

সময় ট্রিবিউন | ৩০ মার্চ ২০২১, ০৪:৫২

স্বাস্থ্য অধিদপ্তরের এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ঢাকা, চট্টগ্রামসহ ২৯টি জেলাকে সংক্রমণের হার বিবেচনায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, ফেনী ও চাঁদপুর রয়েছে এই ২৯ জেলার মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখায় ২৪ মার্চ পর্যন্ত আসা তথ্য বিশ্লেষণ করে এসব জেলাকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘বিষয়গুলো বিশ্লেষণ করার জন্য আমাদের একটা কমিটি করা আছে। সেই কমিটিকে আমরা জানিয়ে দিই কোন কোন জেলায় সংক্রমণের হার তুলনামূলক বেশি। ২৪ তারিখ পর্যন্ত পাওয়া তথ্যে আমরা ২৯টি জেলায় আমরা সংক্রমণের হার বেশি দেখতে পেয়েছি।’

তিনি বলেন, ‘এখন সবাই বাইরে বের হচ্ছে। বিশেষ করে ইয়াংরা এখন অনেক বেশি বের হয়। এ কারণে তাদের মধ্যে সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ‘মানুষের অবহেলার কারণে নতুন করে সংক্রমণের এই উচ্চমাত্রা তৈরি হয়েছে। এজন্য মানুষ দায়ী। গত এক বছর ধরে আমরা যে চর্চাগুলো করেছি, স্বাস্থ্য সুরক্ষায় যে শিষ্টাচারগুলো আমরা শিখেছি, গত দুই-তিন মাসে আমরা চরম আত্মতুষ্টিতে ভুগেছি। এ কারণেই সংক্রমণের ঊর্ধ্বগতি। কোনো স্ট্রেইনকে দায়ী করে লাভ নেই। আমরা এখনও যদি সতর্ক হই, তাহলে অবশ্যই আমরা একে মোকাবেলা করতে পারি।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর